পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই কার্ড পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে। ফলে সরকারি সহায়তা সরাসরি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষার মতো প্রয়োজনীয় খাতে ব্যয় হবে। একই সঙ্গে কার্ডটি নারীর নামে থাকায় পরিবারে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সামাজিক মর্যাদা বাড়বে, যা সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়নকে শক্তিশালী করবে।
বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তারেক রহমানের প্রথম প্রশ্নোত্তর অধিবেশন।
প্রধানমন্ত্রী জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আর আগামী চার বছরে ধাপে ধাপে চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।





